গানেই মগ্ন নুসরাত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

দেশীয় সংগীতাঙ্গনের চলমান সময়ের অমিত সম্ভাবনা তরুণ গায়িকা নুসরাত বিনতে নূর।  গানের প্রতি গভীর ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। পারিবারিক নানা বাধা ও জীবনের প্রতিকূলতা পেরিয়ে আবারও সংগীতের জগতে নিজের অবস্থান তৈরি করতে চান নুসরাত। গানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন তিনি। সংগীতের পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান এই শিল্পী। নুসরাতের দেশের বাড়ি বরিশাল বিভাগের বাকেরগঞ্জে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুরে, নানাবাড়িতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা তার। সংগীতের প্রতি ভালোবাসার শুরুটা মূলত মায়ের হাত ধরেই। তার মা গজল সুনাম কুড়িয়েছেন। মায়ের কণ্ঠে গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় নুসরাতের।

ফরিদপুর গার্লস স্কুলে পড়াশোনার সময় থেকেই গানের চর্চা শুরু করেন তিনি। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় টেলিভিশনে দেখে শেখা ‘বাবা বলেছিল আর কোনোদিন গান করো না’ ছিল তার প্রথম গাওয়া কাভার গান। মায়েরও গানটি বেশ পছন্দ ছিল। ছোটবেলা থেকেই যেকোনো গান সুর ও তালে গাওয়ার সহজাত দক্ষতা তাঁকে সংগীতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

তবে নুসরাতের পথচলাটা সব সময় মসৃণ ছিল না। কিছু মানুষের নেতিবাচক আচরণে একসময় গান থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে সব বাধা পেরিয়ে আবারও সংগীতে ফিরে আসেন।  নুসরাতের গাওয়া ‘শাহে মদিনা’ গজলটি শ্রোতাদের কাছে পরিচিতি পায়। এ ছাড়া নিজের লেখা ‘কবুল করে নাও’শিরোনামের গানটি ২০২৩ সালে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও অর্জন করে। ব্যক্তিগত কিছু প্রতিকূলতার কারণে একসময় গানটি সরিয়ে নিতে হলেও বর্তমানে নতুন চ্যানেলে গানটি পুনরায় আপলোড করেছেন তিনি। বাংলা গজলের পাশাপাশি বেশ কয়েকটি উর্দু গজলও গেয়েছেন নুসরাত। তার পেশাদার কাজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে ফেমাস টিউনে। এসব কাজে মাস্টারিং করেছেন মোহাম্মদ পিয়াস।

২০২৬ সালে তিনটি জনপ্রিয় গান কাভার করেছেন তিনি। গানগুলো হলো—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ এবং ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’। মূল গানগুলোর শিল্পীদের মধ্যে রয়েছেন মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ ও হাবিব ওয়াহিদ।সঙ্গীত নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নুসরাত বলেন, গানই তাঁর ধ্যান-ধারণা, গান নিয়েই বেঁচে থাকতে চান তিনি। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও কাজ করতে আগ্রহী। তাঁর এই যাত্রায় মা সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থনদাতা হলেও পরিবারের অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পান না। তবে দমে যেতে নারাজ এই শিল্পী।আন্তরিক চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনটাই বিশ্বাস করেন শিল্পী নুসরাত । ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই এখন তার মূল লক্ষ্য। এ জন্য সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত