অবশেষে শঙ্কার মেঘ সরেছে। আসন্ন বাংলাদেশ সফর নিয়ে মৌখিক আলোচনা শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইতিবাচক বার্তা দিয়েছে তারা। আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে ও সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে ঢাকায় আসতে চায় ভারত।
তবে জটিলতা তৈরি হয়েছে ভারতের আফগানিস্তান সিরিজ নিয়ে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। জানা গেছে, প্রথম ২ ম্যাচের সূচি পিছিয়ে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা করছে বিসিসিআই।
বিসিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে না চেয়ে এর সত্যতা নিশ্চিত করেন, ‘ঠিকই শুনেছেন। বিসিসিআই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আনুষ্ঠানিক কিছু বলেনি। পুরোটাই মৌখিক। তারা বাংলাদেশে আসার ব্যাপারে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে৷ আফগানিস্তান সিরিজটার জন্য দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে না৷ ওরা সেটা পিছিয়ে আমাদের জানালে, আমরা সূচি নির্ধারণ করব।’
এই সফরটি ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতি ছিলো উত্তপ্ত। ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে দুই বোর্ডের মধ্যে তৈরি হয় প্রবল টানাপোড়েন। সিরিজটি আরও পিছিয়ে অনিশ্চিত হয়ে যায়।