সূর্যবংশীর ভাইরাল 'এ' উদযাপনের রহস্য কি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

ইংল্যান্ড সফরের হতাশা পেছনে ফেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি করার পথে মাত্র ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি এবং সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েন।

ভারতের দেয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন এই উদীয়মান তারকা। বৈভব মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে আন্তর্জাতিক ফিফটি অর্জন করে শচীন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন।

ফিফটি করার পর বৈভব তাঁর হেলমেট খুলে আঙুল দিয়ে ইংরেজি ‘এ’ আকৃতি তৈরি করেন এবং তারপর দুই হাতের বুড়ো আঙুল উঁচিয়ে  বিশেষ উদযাপন করেন। ম্যাচ শেষে বিসিসিআই-এর সঙ্গে আলাপকালে এই সেলিব্রেশনের পেছনের কথা জানান তিনি। “ওই সেলিব্রেশনটা আমি আমার মায়ের জন্য করেছি। আর অন্যটি (ডাবল থাম্বস-আপ) ম্যাচের আগে রিংকু ভাইয়ার সাথে আলোচনার ওপর ভিত্তি করে করা।” তিনি জানান, সূর্যবংশীর মায়ের নাম আরতি। শৈশব থেকেই ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর অবদান অনেক। মায়ের সেই কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই ছেলের এমন উদ্‌যাপন। এভাবে তিনি মাঠে মাকে স্মরণ করেন। হাতের আঙুলে এঁকে দেন মায়ের নামের প্রথম অক্ষর।

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ বলে ২০ রান করেন বৈভব সূর্যবংশী

তিনি তাঁর এই প্রথম আন্তর্জাতিক ফিফটি পরিবার, কোচ এবং ক্যারিয়ারের ভালো-খারাপ সময়ে পাশে থাকা সব সমর্থকদের উৎসর্গ করেছেন।

একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ৯ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় কুড়ি রানকরেছেন বৈভব সূর্যবংশী। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত