ইতিহাস ও সৌন্দর্যের ক্যানভাসে এবার লক্ষ্মীপুরে ইত্যাদি

লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপজীব্য করে নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। ধারণক্ষমতার বহুগুণ বেশি দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্প্রতি জেলা সদরের শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা হয় পুরো অনুষ্ঠানটি। দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

অনুষ্ঠানের মূল মঞ্চের পেছনের প্রেক্ষাপট হিসেবে নির্বাচন করা হয় জমিদারের অনন্য স্থাপত্যশৈলী। দুপুরের পর থেকেই ঝড়-বৃষ্টি ও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে আসে হাজারো উৎসুক দর্শক।

এবারের পর্বে রয়েছে একাধিক বৈচিত্র্যময় গান ও পরিবেশনা। লক্ষ্মীপুরের মেয়ে তানজিনা রুমা এবং ফেনীর সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে কবির বকুলের কথায় ও আকাশ মাহমুদের সুর-সংগীতায়োজনে পরিবেশিত হবে একটি বিশেষ গান। এছাড়া জেলা পরিচিতিমূলক অন্য একটি আঞ্চলিক গানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। মনিরুজ্জামান পলাশের কথায় এবং উজ্জ্বল সিনহার সুর-সংগীতায়োজনে এই গানের সঙ্গে এস কে জাহিদের কোরিওগ্রাফিতে মঞ্চ মাতাবেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

বিশেষ সাক্ষাৎকার পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। পর্বতারোহণের অভিজ্ঞতা ও ইত্যাদির সঙ্গে তার অনন্য স্মৃতির কথা উঠে এসেছে এই আলোচনায়। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে লক্ষ্মীপুরের সয়াবিন, নারিকেল ও সুপারির বিস্তৃত সম্ভাবনার কথা। পাশাপাশি জেলার ইতিহাস, প্রতœতাত্ত্বিক নিদর্শনের ওপর তথ্যচিত্র, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামূলক কার্যক্রম এবং নদীভাঙনে নিঃস্ব এক মাঝির মানবিক গল্প ফুটে উঠেছে এবারের প্রতিবেদনে।

প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক পর্বে থাকছে বিশেষ আয়োজন। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বযুদ্ধফেরত সৈনিকদের নির্মিত বিখ্যাত ‘গ্রেট ওশান রোড’-এর ওপর ধারণ করা হয়েছে তথ্যবহুল প্রতিবেদন। এছাড়া সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে থাকছে বেশ কিছু তির্যক নাট্যাংশ।

ফাগুন অডিও ভিশনের ব্যানারে কেয়া কসমেটিকস লিমিটেডের স্পন্সরে অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।