কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব’। উৎসবের অংশ হিসেবে আজ রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের নাটক ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের অনবদ্য এই সৃষ্টিটির নাট্য ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রকৌশলী খালেকুজ্জামান এবং নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে রূপসুন্দর যৌবনের প্রতীক মীনকেত এবং আপন তেজশক্তিতে উজ্জ্বল নারী জয়ন্তীকে কেন্দ্র করে। রহস্যময় এই দুই নর-নারীর জীবনের জটিল ঘটনাপ্রবাহ ও মরীচিকার পেছনে ছোটা অন্যান্য প্রতীকী চরিত্র নিয়ে এগিয়ে যায় এর কাহিনি। নাটকে জয়ন্তীকে পেতে মরিয়া হয়ে ওঠে নারীর আদিম প্রবৃত্তির প্রতীক উগ্রাদিত্য এবং নিখিল পুরুষের প্রতীক মীনকেত। একপর্যায়ে মীনকেতের পৌরুষের আঘাতে পতন ঘটে উগ্রাদিত্যের।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, সংগীতা, দীপু মাহমুদ, এ কে আজাদ সেতু, শারমীন সঞ্জিদা খানম, নাজনীন মোনালিসা, রাজিব রেজা, প্রজ্ঞা, সানজানা, নাজমুল হুদা বাবু ও ফখরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। এর মঞ্চ পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ ও পোশাক পরিকল্পনায় ছিলেন আইরিন পারভীন লোপা।
একই সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে সোনিয়া খানের নির্দেশনায় বরিশাল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’ এবং ধীমান চন্দ্র বর্মনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ‘বউয়ের বিয়ে’। এ ছাড়া নাট্যশালা প্রাঙ্গণে থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।