ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অন্যতম ভিত্তি বাংলা কিউআর

দেশকে নগদনির্ভর অর্থনীতি থেকে একটি আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ওবায়দুল হক।  দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা কিউআরের সম্ভাবনা, বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মো. ওবায়দুল হক। সাক্ষাৎকারটি নিয়েছেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম।

প্রশ্ন: বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ?

মো. ওবায়দুল হক: বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে একটি অভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি হবে। ফলে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে এটি দেশে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশ্ন: বাংলা কিউআর চালুর ফলে গ্রাহক ও ব্যবসায়ীরা কী ধরনের সুবিধা পাবেন?

মো. ওবায়দুল হক: বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো—গ্রাহক একটি কিউআর কোড স্ক্যান করেই যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএসের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ীদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য একাধিক কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হবে না। একটি অভিন্ন কিউআরের মাধ্যমে তারা আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে সময় ও পরিচালন ব্যয় দুটোই কমবে।

প্রশ্ন: আপনার প্রতিষ্ঠানে বাংলা কিউআর বাস্তবায়নের বর্তমান অগ্রগতি কী?

মো. ওবায়দুল হক: আমাদের প্রতিষ্ঠান বাংলা কিউআর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে ধাপে ধাপে মার্চেন্ট ও গ্রাহকদের মধ্যে এর ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। আমরা আশা করছি, সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার আরও বাড়বে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

প্রশ্ন: আগামী এক বছরে বাংলা কিউআর ব্যবহারের বিস্তারে আপনার প্রতিষ্ঠানের কী পরিকল্পনা রয়েছে?

মো. ওবায়দুল হক: আগামী এক বছরে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো নতুন মার্চেন্ট যুক্ত করা এবং বিদ্যমান মার্চেন্টদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়ানো। পাশাপাশি গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা, প্রচারণা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারের সুবিধাগুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সারাদেশে এর ব্যবহার আরও সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।

প্রশ্ন: সাধারণ ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর কতটা জনপ্রিয় করা সম্ভব?

মো. ওবায়দুল হক: বাংলা কিউআর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের দোকানি এবং গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যেও জনপ্রিয় করার ব্যাপক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা বৃদ্ধি এবং সহজ নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করা। ব্যবসায়ীরা যদি বুঝতে পারেন যে একটি কিউআর কোডের মাধ্যমেই তারা বিভিন্ন ব্যাংক ও এমএফএসের গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, তাহলে এর গ্রহণযোগ্যতা দ্রুত বাড়বে।

প্রশ্ন: নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলা কিউআর কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে?

মো. ওবায়দুল হক: নগদ লেনদেনের বিকল্প হিসেবে বাংলা কিউআর দ্রুত, নিরাপদ ও সহজ পেমেন্টের সুযোগ তৈরি করবে। বিশেষ করে দৈনন্দিন ছোট ছোট লেনদেনে এর ব্যবহার বাড়ানো গেলে নগদ অর্থের ওপর মানুষের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর ফলে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকা-েও আরও স্বচ্ছতা আসবে।

প্রশ্ন: নিরাপত্তার দিক থেকে বাংলা কিউআর কতটা নির্ভরযোগ্য? 

মো. ওবায়দুল হক: বাংলা কিউআর আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে। তবে যেকোনো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি গ্রাহক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণা রোধে নিয়মিত লেনদেন মনিটরিং, সাইবার নিরাপত্তা জোরদার এবং গ্রাহকদের নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন করতে হবে।

প্রশ্ন: বাংলা কিউআরকে জাতীয় পর্যায়ে সফল করতে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সেবাদাতা ও সরকারের মধ্যে কী ধরনের সমন্বয় প্রয়োজন?

মো. ওবায়দুল হক: বাংলা কিউআরকে জাতীয় পর্যায়ে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে অভিন্ন নীতিমালা, প্রযুক্তিগত সহযোগিতা, আন্তঃসংযোগ নিশ্চিত করা, যৌথ প্রচারণা এবং গ্রাহক সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে মার্চেন্টদের সহজে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে।