বাংলা কিউআরের প্রচারে গভর্নর

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রাজধানীর পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান, এফসিএমএ। এ সময় তিনি ডিজিটাল লেনদেন বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

গতকাল শনিবার দুপুরে বাংলা কিউআর ক্যাম্পেইনের অংশ মার্কেটটি পরিদর্শনকালে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময়ে গভর্নর এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গভর্নর মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের ব্যবসায় বাংলা কিউআর ব্যবহারের সুবিধা সম্পর্কে অবহিত করেন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে গভর্নর বলেন, আপনারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হন। এতে ব্যবসার লেনদেন সহজ হবে এবং নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকিও কমবে। ক্রেতাদের জন্যও এটি দ্রুত ও নিরাপদ পেমেন্টের সুযোগ তৈরি করবে। তিনি আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের লেনদেন যত বেশি ডিজিটাল হবে, দেশের সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা তত বেশি শক্তিশালী হবে। আপনারা নিজেরা বাংলা কিউআর ব্যবহার করুন এবং ক্রেতাদেরও এ মাধ্যমে পেমেন্ট করতে উৎসাহিত করুন।

গভর্নর বলেন, দৈনন্দিন কেনাকাটায় বাংলা কিউআর একটি সহজ, নিরাপদ ও দ্রুত পেমেন্ট মাধ্যম। এর ব্যবহার বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধিও বাড়বে। পরে গভর্নর নিজেও নীলা মার্কেট থেকে বিভিন্ন পণ্য কেনেন এবং বাংলা কিউআরের মাধ্যমে এর মূল্য পরিশোধ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করেন।

আয়োজিত এ ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা ও আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত