গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কু-ুর ছেলে অচিন্ত্য কু-ু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল এবং অপর মোটরসাইকেলে থাকা ফয়সাল মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মারাত্মক আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।