ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছেন। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ’ছেলেটি দীর্ঘদিন মাদক আসক্ত ছিল। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও নেওয়া হয়েছিল। সকালে তারা মা-বাবা-ছেলে বাহিরে গিয়ে পৌনে ১২টার দিকে বাড়ি পৌঁছে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি দিয়ে তার মাকে কুপিয়ে আঘাত করতেছিল। মাকে বাচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবকেও এলোপাতাড়ি আঘাত করে। এ সময় আমরা দৌড়ে আশেপাশের মানুষ ডাকতে যাই। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

বাবার মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্য হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’