চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে মহাসড়কে ছিটকে পড়ে আন্নী খাতুন (২০) নামে এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সূতির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্নী খাতুন বড়াইগ্রাম থানার মোড় এলাকার পান বিক্রেতা আকরাম হোসেনের মেয়ে এবং জেলার গুরুদাসপুর উপজেলার ধানুড়া গ্রামের ট্রাকচালক শাকিল আহমেদের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আন্নী খাতুন তার পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চেপে বনপাড়া যাচ্ছিলেন। পথে আগ্রান সূতিরপাড় এলাকায় মেয়েটির ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তারা দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। এতে আন্নীর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আন্নীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।