পরিবেশমন্ত্রী বললেন

মাদক-কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে

মাদক ও কিশোর গ্যাং সারা দেশে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তবে খেলাধুলার প্রসার ঘটিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

গতকাল শনিবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ সমাজকে রক্ষায় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করেছেন। খেলাধুলা ছেলে-মেয়েদের শারীরিক ও মনস্তাত্ত্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে।

ব্যবসা-বাণিজ্যের প্রসারে অনুকূল পরিবেশের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্র ভালো না থাকলে সার্বিক উন্নয়ন ব্যাহত হয়।