নালা থেকে উদ্ধার ১৩২০ গুলি, বাসার বাইরে মিলল পিস্তল

নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে এক হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে একই থানাধীন চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্ত রাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৭। ‘সন্ত্রাসী’ বাবলা গত বছরের ৫ নভেম্বর বাড়ির অদূরেই বিএনপি নেতা (সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন) এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে বাংলাবাজার এলাকার নালা থেকে উদ্ধার করা এক হাজার ৩২০ গুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং এক হাজার ২০০টি ছোট আকারের গুলি রয়েছে। বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালা থেকে এক হাজার ৩২০টি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এগুলো ব্যবহৃত গুলি। গুলিগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে।