যুক্তরাষ্ট্রের মিশিগানে আগুনে পুড়ে একই পরিবারের ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বাড়িতে আগুন লাগার পর একই পরিবারের আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র এবিসি নিউজ। 

শুক্রবার (২৪ জুলাই) লেক মিশিগানের তীরবর্তী গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে এ ঘটনা ঘটে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় ঘটনাটিকে জটিলতাপূর্ণ বলে বর্ণনা করেছেন অটোয়া কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন জ্যাক স্পার্কস। 

ক্যাপ্টেন স্পার্কস জানান, শুক্রবার সকালে ধোঁয়ার গন্ধের খবর পেয়ে প্রথমে দমকলকর্মীরা এলাকায় গেলেও তখন কোনো বাড়িতে আগুনের উৎস খুঁজে পাননি।

কয়েক ঘণ্টা পর একটি বাড়ি থেকে সাদা ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে আবার সেখানে যান দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়ির ভেতরে ঢুকেই তারা একাধিক ব্যক্তির মরদেহ দেখতে পান।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড়ির ভেতরে মোট আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫ থেকে ১৫ বছর বয়সী ছয়জন শিশু রয়েছে। এছাড়া দুই প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন। এখনো সব মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত সবাই একই পরিবারের সদস্য। তদন্তকারীরা জানিয়েছেন, নিহতদের কয়েকজনের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে ঠিক কতজনকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে এবং এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা হতে পারে এমন সম্ভাবনাও খতিয়ে দেখছে। তবে তদন্তের এ পর্যায়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না তদন্তকারীরা।