তেলাপোকা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে বললেন ‘এটা কেবল শুরু’

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সৃষ্টি করল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। দীর্ঘ ৩৭ দিনের তীব্র আন্দোলন ও রাজপথ দখলের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারীদের বাকি দাবিগুলোও মেনে নিয়েছে সরকার, যার ফলে টানা লড়াই শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আন্দোলনের ৩০ বছর বয়সি মূল রূপকার অভিজিৎ দীপকে।

ঘটনার সূত্রপাত গত মে মাসে দেশের প্রধান বিচারপতির একটি ব্যঙ্গাত্মক মন্তব্যের জেরে। তার প্রতিক্রিয়ায় প্রতীকী হিসেবে 'ককরোচ জনতা পার্টি' গড়ে তুলেছিলেন অভিজিৎ দীপকে। কিন্তু দেখতে দেখতেই এটি রূপ নেয় এক বিশাল গণআন্দোলনে। নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরবর্তীতে তা সইতে না পেরে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ভারতের 'জেন-জি' বা নতুন প্রজন্ম। প্রায় ৭০ দিন ধরে পুরো দেশের তরুণসমাজকে এক সুতোয় গেঁথে ফেলে এই প্ল্যাটফর্মটি।

নিজেদের 'ককরোচ' বা তেলাপোকা হিসেবে পরিচয় দিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর দখল করে নেন হাজার হাজার তরুণ। দিন-রাত 'ইনকিলাব' স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। অবশেষে সরকারের নতিস্বীকার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি মেলার পর শনিবার আনুষ্ঠানিকভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।

দীর্ঘ লড়াইয়ের পর রবিবারে নিজের অনুভূতি প্রকাশ করেন দীপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, অবশেষে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। সকালে ঘুম থেকে উঠে সারাদিনের দুশ্চিন্তা করার যে ধকল ছিল, তা থেকে মুক্তি পেয়েছেন। পুরো আন্দোলনকে অত্যন্ত কঠিন ও জটিল হিসেবে বর্ণনা করলেও তিনি তাঁর অনুসারীদের স্মরণ করিয়ে দেন যে এটি কেবল শুরু, সিজেপির পথচলা এখনো অনেক বাকি।

বর্তমানে টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকায় শেষ দিনে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে সবাইকে সরাসরি ধন্যবাদ জানাতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ৩৭ দিন ধরে রাজপথে থাকা আন্দোলনকারী ও সিজেপির পাশে দাঁড়ানো প্রতিটি মানুষকে ধন্যবাদ জানান দীপকে। তিনি আরও জানান যে সমালোচকদের গঠনমূলক প্রশ্নই এই আন্দোলনকে সঠিক পথে রেখে সফলতার মুখ দেখতে সাহায্য করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত