কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন সালদানদী বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্ত এলাকায় দায়িত্বরত সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার (জিরো লাইন) কাছে তাদের দেখতে পায়। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।