কুমিল্লার তিতাস উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কুহিনূর (৩৫) নামের এক নারী টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে তিতাস উপজেলার চর বাটেরা গ্রাম ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কুহিনূর মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই টেটাবিদ্ধ হয়ে কুহিনূর মারা যান এবং অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।