ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি হলিডে ক্যাম্পে হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছে। গত শনিবারের এই হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো। জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়ার বসানো গভর্নর ইয়েভগেনি বালিতস্কি জানিয়েছেন, আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছে। তবে এ হামলার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ইউক্রেন। কিয়েভের দাবি, তাদের ড্রোনগুলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি তেল শোধনাগার ও ক্যাস্পিয়ান সাগরে একটি তেল প্ল্যাটফর্মে আঘাত হেনেছে। দেশটির এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, তারা রাশিয়ার লুকোয়েল কোম্পানির ফিলানভস্কি তেল প্ল্যাটফর্মে আঘাত হেনেছে। এই প্ল্যাটফর্মটি কাস্পিয়ান সাগরে রাশিয়ার বৃহত্তম তেল খনির একটি অংশ।
রাশিয়ার যে দুই লক্ষ্যস্থলে ইউক্রেন আঘাত হানার দাবি করেছে তা তাদের সীমান্ত থেকে যথাক্রমে ২০০০ কিলোমিটার ও ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। এতে ইউক্রেনের ড্রোনের পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির বিষয়টি উঠে আসছে। এ ধরনের দীর্ঘ পাল্লার হামলাগুলো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে মøান করবে ও ক্রেমলিনের ওপর শান্তিপ্রতিষ্ঠার চাপ তৈরি করবে। সাইবেরিয়ার তুমেয়েন অঞ্চলের স্থানীয় কর্র্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে একটি ড্রোন তাদের অঞ্চলের তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে।