চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের চা শিল্পে বিদ্যমান সমস্যা ও সংকট নিরসনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সচিবালয়ে এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব (ডিপিএস) হাসান শিপলু জানিয়েছেন।

তিনি জানান, দেশের চা শিল্পের উন্নয়ন কীভাবে করা যায়Ñ তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সভা হয়। সভায় চা বাগান মালিক ও সংশ্লিষ্টরা চা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, খেলাপি ঋণ এবং অর্থায়ন সংকট তুলে ধরে টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি ও প্রস্তাব পেশ করেছেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ডিপিএস হাসান শিপলু বলেন, ‘চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।’ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী এ বৈঠক করেছেন। তিনি সমস্যাগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়া, চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

বৈঠকে অন্যদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।