দিল্লির যন্তর মন্তর ফাঁকা সংস্কার পদক্ষেপ মোদির

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) তীব্র আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করা ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত হলেন তিনি। রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একই সঙ্গে বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়া প্রহ্লাদ যোশী দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একজন জ্যেষ্ঠ বিজেপি নেতা। ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ বিজেপির একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত। তিনি ২০০৪ সাল থেকে লোকসভায় ধারওয়াদ আসনের প্রতিনিধিত্ব করছেন।

মোদির অত্যন্ত আস্থাভাজন এই নেতা এর আগে সংসদীয় বিষয় এবং কয়লা ও খনি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন। বর্তমানে তিনি ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে এক ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে প্রহ্লাদ যোশীর জন্ম। অল্প বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে হুবলির ঈদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিজেপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে তার সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটে।

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের পর এবার পরীক্ষাব্যবস্থায় সংস্কারে নতুন পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বখ্যাত ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল রবিবার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। সেখানে মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা পরীক্ষায় অনিয়ম করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা বর্তমানে কারাগারে রয়েছে। ইতিমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার কথা উল্লেখ করে মোদি বলেন, কঠোর আইনি বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়নের দিকেও এগোচ্ছে সরকার।

শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে বিক্ষোভে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তর ছিল উত্তাল। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিক্ষোভ দিল্লি, মুম্বাই ও কলকাতা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মোদি সরকার আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানালেও সিজেপি ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন। কংগ্রেসসহ বিরোধী দলগুলোও মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। তীব্র আন্দোলনের মুখে অবশেষে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি।

গতকাল রবিবার বিক্ষোভস্থল দিল্লির যন্তর মন্তর ছিল ফাঁকা। শনিবার রাতেই সিজেপির বিক্ষোভ মঞ্চটি খুলে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকেই এলাকাটি পরিষ্কারের কাজ শুরু হয়। দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন ও সিজেপির স্বেচ্ছাসেবকরা যৌথভাবে পরিচ্ছন্নতার কাজটি করেন। পরিচ্ছন্নতার কাজ শেষ করে ইতিমধ্যে সব আন্দোলনকারী যন্তর মন্তর ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আন্দোলনকারীরা না থাকলেও দিল্লি পুলিশের কর্মকর্তা ও কেন্দ্রীয় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজ সোমবার দেশটির পার্লামেন্টে নতুন শিক্ষা বিল উত্থাপনের কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষা বিলকে কেন্দ্র করে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ ছাড়ানোর আশঙ্কা রয়েছে। নতুন করে কোনো অস্বস্তি এড়াতে যন্তর মন্তর এলাকায় সাংবাদিকদের প্রবেশাধিকার শিথিল করা হয়েছে।