বদির পরিকল্পনায় টেকনাফে একরাম হত্যা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:০২ এএম

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক একরাম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আট বছর আগে আওয়ামী লীগ আমলে তাকে খুন করা হয়। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন কর্তৃক অভিযোগ দাখিলের পর তা বিচারের জন্য আমলে নেন ট্রাইব্যুনাল।

পরে তদন্ত প্রতিবেদনের বরাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিক বলেন, “একরাম হত্যা ছিল একটি ‘মেটিকুলাস ডিজাইন’র অংশ এবং হত্যাকা-ের পরিকল্পনায় ছিলেন সাবেক এমপি বদি। কারণ একরাম ছিলেন তার (বদি) প্রতিপক্ষ এবং একরামকে হত্যার পর একরামের সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন বদি।” ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন। 

অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আবদুর রহমান (বদি), সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার লতিফ খান, সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম মিনু, সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) রুহুল আমিন ওরফে রাজন, সাবেক কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান ওরফে সৈকত ও ডিজিএফআইয়ের সাবেক সদস্য স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

একরাম প্রায় এক যুগ কক্সবাজার টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন। ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভে সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। পরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একরামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও ইয়াবার গডফাদার আখ্যায়িত করা হয়। একরামের মৃত্যুর সময়কার একটি অডিও প্রকাশ পায় যাতে তাকে গুলি করার মুহূর্তের বিষয়টি প্রকাশ পায়।

অভিযোগ ওঠে, মাদক কারবারি তকমা দিয়ে র‌্যাব পরিকল্পিতভাবে একরামকে হত্যা করে। একরাম হত্যার ঘটনাটি তখন দেশজুড়ে আলোচিত হয়। তাকে বিচারবহির্ভূতভাবে হত্যার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার মধ্যে ছিলেন র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ।

গতকাল চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই হত্যাকা-ে তাদের (শেখ হাসিনাসহ ১১ আসামি) সম্পৃক্ততা ও সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা আমাদের কাছে প্রতিবেদন দাখিল করেছিলেন। সেই প্রতিবেদন আমরা আজকে (রবিবার) আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছি। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত