তদন্ত ও গ্রেপ্তারের আবেদন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:০১ এএম

বিভিন্ন সময়ে দেশে পিলখানা হত্যাকা-, গুম, বিচারবহির্ভূত হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভারের তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। গতকাল ট্রাইব্যুনালে মো. আবদুুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ‘বাংলাদেশ আজাদ পার্টি’র প্রধান সংগঠক বোরহান মাহমুদ। অন্যদিকে ‘রাষ্ট্র সংস্কার ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ১৪ মার্চ শপথ নিয়ে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মো. আবদুল হামিদ। এরপর ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। তবে, তার মেয়াদ পুরো হওয়ার আগেই গত শুক্রবার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে ইস্তফা দেন।

অভিযোগ দেওয়ার পর বোরহান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘পিলখানা হত্যাকা-, শাপলা চত্বরের ঘটনা, বিচার বহির্ভূত হত্যা এবং আয়নাঘরসহ দেশে সংঘটিত নারকীয় ঘটনাগুলোর সময় মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। গণহত্যার ঘটনার সময় রাষ্ট্রের বা যে দলের যে সর্বোচ্চ ব্যক্তি থাকেন, তার ওপরে মূলত এর অপরাধটা বর্তায়। তিনি বলেন, ‘তৎকালীন রাষ্ট্রপতিরা এই ফ্যাসিস্ট সরকারকে (আওয়ামী লীগ) সমর্থন দিয়েছেন, সব ধরনের নিরাপত্তা দিয়েছেন, যেহেতু তিন বাহিনী তার হাতে ছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাগুলো তার হাতে ছিল, তিনি এই অন্যায়গুলোর প্রতিবাদ করেননি। তারা কখনো এই অন্যায়ের দায় এড়াতে পারেন না।’ বোরহান মাহমুদ জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদের অভিযোগ গ্রহণ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার আশ^াস দিয়েছেন।

আজাদ পার্টির সভাপতি কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, তিন বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির যুদ্ধ ঘোষণার মতো সর্বোচ্চ ক্ষমতা থাকলেও তারা কোনো ভূমিকা রাখেননি। তিনি বলেন, ৫ আগস্ট (২০২৪ সালের ৫ আগস্ট) পর্যন্ত সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের মতো অপরাধে তাদের মৌন সম্মতি ছিল। এক প্রশ্নে তিনি বলেন, ‘একটা সুযোগ উনার অন্তত (সাহাবুদ্দিন) ছিল, উনি পদত্যাগ করতে পারতেন। উনি পদত্যাগ করেন নাই, উনি ক্ষমতা ভোগ করেছেন।’ হাসিনুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি যখন দেখছেন, এত লোক মারা যাচ্ছে, এদের টাকায় উনি বেতন-ভাতা সুযোগ-সুবিধা পান, উনি কোনো ভূমিকা রাখবেন না, এটা কোনোভাবে কাম্য না। উনি নজির স্থাপন করতে পারতেন।’

সাংবাদিক, চিত্রনায়ক, সংস্কৃতিকর্মীসহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ : জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’র কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগ জমা দেন। এতে জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনার পেছনে তাদের উসকানি, সমর্থন, প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক ও উপস্থাপিকা সোমা ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত