সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল রবিবার পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। গতকাল কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা। তাদের আবার ঘাটে আনা হচ্ছে।