যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে জুয়েলের বিরুদ্ধে কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে। পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা হয়। মীমাংসার পরেও গতকাল দুপুরে আগের ঘটনার জের ধরে জুয়েলকে আবার চোর আখ্যা দিয়ে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে কয়েক ব্যক্তি। এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হলে একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পূবাইল থানার ওসি আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।