রাজধানীর হাতিরঝিলে সিএনজি অটোরিকশার ধাক্কায় শেখ জায়েদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক আল-আমিন ভুবন (২১)। এর আগে মিরপুরের শেওড়াপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সবুজ রহমান (৩৩) নামে আরেক যুবক নিহত হয়েছেন।
গতকাল রবিবার বেলা দেড়টার দিকে হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জায়েদকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিন ভুবন জানান, দুপুরে জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। পথে পুলিশ প্লাজার পেছনের রাস্তায় পিছন থেকে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। দুপুরে জানতে পারেন, হাতিরঝিলের রোডে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। ঢামেক এসে জায়েদের মরদেহ দেখতে পান।
এর আগে নিহত সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, সবুজ মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। রাতে মোটরসাইকেলে একটি ভাড়া নিয়ে মগবাজার যাওয়ার পথে হিমাচল নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।