ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজের নিচে ওয়াসার জায়গায় গড়ে ওঠা একটি অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা প্রায় অর্ধশতাধিক অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়।
গ্যারেজে দুপুরের খাবার খেতে আসা ড্রাইভাররা জানান, তারা গাড়ি বন্ধ করে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ দাউ দাউ করে আগুন জ¦লে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ২-৩ মিনিটের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করলেও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকা-ের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চালক ও মালিকেরা জানান, অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। এসব অটোরিকশাই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। তাদের একজন বলেন, গ্রাম থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলাম। এই গাড়ি চালিয়েই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালাতাম। দুপুরে গ্যারেজে গাড়ি চার্জ দিয়ে খাবার খেতে গিয়েছিলাম। পরে এসে দেখি সব পুড়ে গেছে। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, সেটাই বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্তরা অগ্নিকা-ের সঠিক তদন্ত এবং ক্ষতিপূরণ হিসেবে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজটিতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ছিল। এ ছাড়া অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। অগ্নিকা-ের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।