শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালক আটক

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) রাত ৮ টার দিকে বাগআঁচড়া এলাকার জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

পুলিশ জানায়, আবু সাঈদ ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাক চালক মাসুদুর রহমানকে আটক করা হয়। ওই চালক লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল জানান, সড়ক দুর্ঘটনায় বাগআঁচড়া এলাকায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।