ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ে সেখানে থাকা রোগী ফজলুল হকসহ চারজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অ্যাম্বুলেন্স থাকা ড্রাইভার পালিয়ে গেছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গেছে, ঝালকাঠি শহর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে সেটা নলছিটির রায়াপুর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে যায়। এ ঘটনায় ফজলুল হকের পা ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে ফজলুল হক ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, চাচা ফজলুল হক প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকার একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তার এই দূর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অ্যাম্বুলেন্স উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।