লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীরহাট এলাকায় ড্রামট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেল (৩০) মারা গেছেন।

সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজির যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুবেলের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।