ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও তার এ সফর শুরু হয়েছে।
ইসরায়েল সরকারের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, বৈঠকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার সঙ্গে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার তার সঙ্গে বৈঠক করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।