চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নগদবিহীন লেনদেনের সুবিধা ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার (২৭ জুলাই) উদ্বোধন উপলক্ষে গাছবাড়িয়াস্থ ওয়ান আজিজ সেন্টারে এক বর্ণাঢ্য র‍্যালি ও ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখানে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের প্রথম দিনেই স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ করা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মেজবাহ উদ্দিন মাহবুব। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ.ই.এম. রিয়াজুল হাসান। ব্যাংকের রিটেইল ও ক্যাশলেস/ডিজিটাল প্রোডাক্টসমূহ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের এডিসি রিজিওনাল ইনচার্জ মো. জামাল উদ্দিন তালুকদার। সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।

সভায় কিউআর পেমেন্ট, পস মেশিন, পাই ব্যাংকিং অ্যাপস, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএম ও ডিজিটাল সার্ভিস সেন্টারসহ বিভিন্ন ডিজিটাল সেবা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করা এবং নগদবিহীন
অর্থনীতি বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী, বৈলতলী উপশাখার ব্যবস্থাপক ধীমান দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি সাদ্দাম হোসেন ও পারভেজ, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।