চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:১০ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অভিযোগে ‘মা কালি সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের বরমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানকালে কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং ক্ষতিকর রং ও বিষাক্ত অ্যামোনিয়া ব্যবহার করে মিষ্টি প্রস্তুত করতে দেখা যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য উৎপাদন করা শাস্তিযোগ্য অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত