তেহরানে পাঁচতারকা হোটেলের পাশে আগুন

ইরানের রাজধানী তেহরানে একটি পাঁচতারকা হোটেলের পাশের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের (২৭ জুলাই) এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে হোটেলের সব অতিথিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর হোটেলটির চারপাশে ঘন কালো ও সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। পাশের একটি ভবনে জ্বলতে থাকা আগুন আশপাশের ভবনের ছাদ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল।

ঘটনাস্থলে থাকা রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানান, অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেলটি খালি করা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে তেহরান ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালেকি জানান, হোটেলের খাদ্যসামগ্রী, বিছানাপত্র ও অন্যান্য দাহ্য সামগ্রী সংরক্ষণের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বিশেষজ্ঞদের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থলে দমকলের একাধিক ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এ সময় বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ইরানে, বিশেষ করে গ্রীষ্মকালে, অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। পুরোনো ভবনগুলোতে কারিগরি ত্রুটির কারণে এসব দুর্ঘটনা বেশি ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইআরএনএ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটি ১৯৬০-এর দশকে নির্মিত হয়। এটি আগে রয়্যাল হিলটন নামে পরিচিত ছিল।