প্রথম দুই সেটে হেরে গিয়েও অবিশ্বাস্য কামব্যাক! দারুণ বীরত্ব দেখিয়ে টানা তিন সেটে জয় ছিনিয়ে নিয়ে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ।
পাকিস্তানের ইসলামাবাদে চলমান এই টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে আজ সোমবার নিজেদের শেষ লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছে হরসিত-সুজনরা। লিগ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেরা চারের লড়াইয়ে জায়গা নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।
উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে আয়। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি দলটি; তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে এবং চতুর্থ ম্যাচে একই ব্যবধানে নেপালকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের শেষ ম্যাচে অবশ্য শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। টানটান উত্তেজনার পর প্রথম দুই সেটেই সমানে সমান লড়াই করে ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে হেরে বসে তারা। তবে ভাঙেনি আত্মবিশ্বাস; তৃতীয় সেটে ২৫-২৩ পয়েন্টে জয় পেয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
চতুর্থ সেটে ২৫-২১ ব্যবধানের জয়ে ম্যাচ গড়ায় নির্ধারিত পঞ্চম সেটে। আর সেখানে ১৫-১২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মাতেন মাসুদ-হরসিতরা।