উজবেকিস্তানকে ফের গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ 

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে যাদের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছিল, সেই উজবেকিস্তানকে সেমিফাইনালে পাত্তাই দিল না বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের এই লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিরা সরাসরি ৩-০ সেটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ম্যাচ শেষে সামান্য উত্তেজনা তৈরি হলেও অফিশিয়ালদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়; তবে পুরো ম্যাচ জুড়েই একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ও আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ দল। প্রথম সেটে হরসিত, সুজন ও মাসুদদের নান্দনিক নৈপুণ্যে ২৫-২১ পয়েন্টে জয় তুলে নিয়ে লিড নেয় দল। সেই জয়ের আত্মবিশ্বাস দ্বিতীয় সেটেও বজায় রেখে ২৫-২০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

এরপর ম্যাচের তৃতীয় ও শেষ সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় উজবেকিস্তান। শুরুতে কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের শক্তিশালী আক্রমণভাগের সামনে তা টিকতে পারেনি। দারুণ সব পয়েন্ট তুলে নিয়ে ২৫-১৯ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয় বাংলাদেশ এবং সরাসরি ৩-০ সেটে জয়ের হাসি নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

চলতি টুর্নামেন্টে এটি বাংলাদেশের পঞ্চম জয়। এর আগে রাউন্ড রবিন পর্বে নিজেদের পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল তারা। কেবল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে হারতে হয়েছিল দলকে। তবে কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পাশাপাশি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও এই উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেয়নি বাংলার ভলিবলাররা।

এদিকে, দিনের অন্য সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই বুধবার শিরোপার জন্য লড়বে বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত