জ্বালানি প্রতিমন্ত্রী বললেন

গ্যাসের সংকট কিছুটা কমবে আগামী সপ্তাহে

আগামী সপ্তাহ থেকে দেশের চলমান গ্যাস সংকট কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ ৫০ শতাংশ পর্যন্ত স্বাভাবিক করা গেলে পরের সপ্তাহে পরিস্থিতি শতভাগ পুনরুদ্ধার করা সম্ভব হবে।

অনিন্দ্য ইসলাম বলেন, এটি সরকারি প্রতিষ্ঠানের ত্রুটি নয়, বেসরকারি প্রতিষ্ঠানের সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি। তবে তাৎক্ষণিকভাবে পুরোপুরি সমাধান দিতে না পারা আমাদের সীমাবদ্ধতা। আমাদের টিম সর্বক্ষণিক কাজ করছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ দ্রুত বিদেশ থেকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কাস্টম প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। এয়ার ফ্রেইটে আসা যন্ত্রাংশ এক ঘণ্টার মধ্যে ছাড় করার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। তবে নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। কারণ এর আগে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। যন্ত্রাংশ খুলে কাজ শুরু করার পর নতুন কারিগরি জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস অনুসন্ধান করছে জানিয়ে তিনি বলেন, ভোলার উদ্বৃত্ত গ্যাস মূল ভূখ-ে আনা, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানি, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।