৪৫ দিন পর পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি আইন প্রতিপালন, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং লাইসেন্সের নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা গ্রহণের শর্তে হাসপাতালটিকে লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকেই হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সিসহ সবধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হবে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত জুন মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালটি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য তদন্ত কমিটি গঠিত করে সরকার। ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
আদেশে বলা হয়, হাসপাতালকে মানতে হবে যেসব শর্ত দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২- অনুযায়ী সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। এ ছাড়া লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ঈদুল আজহার আগের দিন গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে। ১১ জুন এক চিঠিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই চিঠিতে বলা হয়, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।
লাইসেন্স ফেরত পাওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষসরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।