দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২০২৮) বিস্তারিত কর্মপরিকল্পনা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে গঠনমূলক মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
সভায় আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।