পবিপ্রবিতে নতুন কোষাধ্যক্ষ ড. আতিকুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে হবে-তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান মেনে পূর্ণকালীনভাবে ক্যাম্পাসে অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও প্রচলিত আইন অনুযায়ী অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তিনি।

প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।