দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৯ হাজার গ্রেপ্তার

দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে হতে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন। বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট গ্রেপ্তার হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ চকলেট বাজি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

এছাড়া পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা ও ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা  হয়েছে।