বহুল আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল এবার নতুন চমক দেখালেন। একটি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পারফর্ম করার মাঝখানে হঠাৎ নিজের ৯ মাসের সন্তানকে প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। ছেলেকে কোলে জড়িয়ে ধরে গাইলেন নগরবাউল জেমসের কালজয়ী গান ‘বাবা’। কনসার্টের মাঝে নোবেলের এমন আবেগঘন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ভেসেছেন উপস্থিত অনুরাগীরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, গান গাওয়ার এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশ্যে আবেগপ্লুত হয়ে বলেন, ‘আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে, তার বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।’
কথাগুলো বলেই তিনি মঞ্চের পেছনের দিকে হেঁটে যান এবং সেখান থেকে ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে আবার পারফর্মেন্স স্পটে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে তিনি উপস্থিত সবাইকে জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। সে সময় পুরো কনসার্ট প্রাঙ্গণ জুড়ে শুরু হয় ভক্তদের তুমুল করতালি ও উল্লাস।
এরপরই ছেলেকে পরম আদরে কোলে নিয়ে গানে সুর তোলেন নোবেল। জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গাইবার সময় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। গান গাওয়ার পুরোটা সময় কোলের সন্তানকে স্নেহে আগলে রেখেছিলেন নোবেল, আর দর্শক সারির অনেকেই ফোনের আলো জ্বালিয়ে গায়কের এমন পিতৃস্নেহের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।