নেতানিয়াহুর আগমনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী।

সোমবার (২৭ জুলাই) ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, 'যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধযন্ত্র বন্ধ কর', 'ওয়াশিংটনে ইসরাইয়েলের প্রভাব উন্মোচন কর' এবং 'ফিলিস্তিনিদের মানবাধিকার গুরুত্বপূর্ণ'।

মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছানোর পরও হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ অব্যাহত থাকে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে গাজা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
 
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তাদের অষ্টম বৈঠক।

বৈঠক শেষে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রে ইসরাইলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন গ্রাহাম।

এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থি গোষ্ঠী। তাদের দাবি, ওয়াশিংটনের এ সমর্থন গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।