চট্টগ্রামে পিটিয়ে দুটি কুকুর হত্যা, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার খাজা রোডে প্রকাশ্য দিবালোকে দুটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সম্প্রতি নির্মম এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাণী অধিকারকর্মী ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি একটি কুকুরকে মাটিতে ফেলে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করছেন এবং পাশেই আরেকটি কুকুরের নিথর দেহ পড়ে রয়েছে। প্রাণী অধিকারকর্মীদের তথ্যমতে, গত ২২ জুলাই ঘটনাটি ঘটে। ভিডিওতে নির্যাতনকারী হিসেবে খাজা রোডের বাসিন্দা মোহাম্মদ রিদয় ও রাফি নামে দুই ব্যক্তিকে চিহ্নিত করেছেন তারা।

প্রাণী কল্যাণ সংগঠন ‘অ্যানিমেল রেসকিউ টিম চট্টগ্রাম’ এর প্রতিষ্ঠাতা নাহিয়ান নাকিব জানান, ভিডিওটি যাচাই-বাছাই করার পর তারা চান্দগাঁও থানায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন। তবে অভিযোগ সত্ত্বেও পুলিশ কাউকে আটক করেনি, বরং আদালত পর্যন্ত যাওয়ার পরামর্শ দিয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ভিডিও ও প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও যদি সাধারণ মানুষকে আদালতে ছুটতে হয়, তবে সংশ্লিষ্ট অধিদপ্তরের ভূমিকা কী? আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ভিডিও দেখার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা হয়নি।

অন্যদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।