প্রথম দিনেই আদ দ্বীনে ভিড়, ১১ নবজাতকের জন্ম

দীর্ঘ দেড় মাস পর আজ (২৮ জুলাই) মঙ্গলবার থেকে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

২৭ জুলাই সোমবার বিকালে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিয়ে স্বাস্থ্যসেবা চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

লাইসেন্স পুনর্বহালের পর আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থীসহ চিকিৎসা নিতে আসা রোগীরা।

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল আদ্-দ্বীন হাসপাতালে আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বহির্বিভাগে ৬০৭ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া ৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮ জন গর্ভবতী রোগী সিজারিয়ান ডেলিভারি এবং ৩ জন রোগী নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেছেন। 

বিদেশি ইন্টার্ন চিকিৎসক ইলিয়াস মানসুর বলেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আমরা বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা মানবিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। আমাদের দেশে একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা ও ইন্টার্নশিপ শেষ না করলে ডিগ্রীর অনুমোদন মেলে না। হাসপাতাল পুনরায় চালু হওয়ায় আমরা ইন্টার্নরা রোগীদের চিকিৎসা সেবা করার মধ্যদিয়ে ইন্টার্নশিপ শেষ করতে পারবো। সেজন্য আমরা ও আমাদের পরিবার অনেক আনন্দিত। হাসপাতাল চালু করায় সরকার ও আদ্-দ্বীন কর্তৃপক্ষের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ।

হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সবধরনের সেবা কার্যক্রম চলমান রয়েছে। এই হাসপাতালে আন্তর্জাতিক মানের ইনফেকশন প্রিভেনশন পদ্ধতি অনুসরণ করে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। অযৌক্তিক সিজার এড়িয়ে স্বাভাবিক সন্তান প্রসবের বিষয়ে আদ্-দ্বীন হাসপাতাল সবসময় সচেষ্ট ও আন্তরিক। নামমাত্র মূল্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেবা প্রদান করে সাড়া ফেলেছে এই হাসপাতাল। স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি ঢাকা শহরে মাত্র ৩৮০ টাকায় আদ্-দ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু রয়েছে।