যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও এবং ভাঙচুর করেছেন স্থানীয়রা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার মারমুখী আচরণের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ নামক মাদ্রাসায় শিশুদের যাতায়াত ও অবস্থান নিয়ে মাদ্রাসা এবং এমপি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সোমবার মাদ্রাসার শিশুদের খেলা ও চিৎকার করা নিয়ে আপত্তি জানান এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। এর মধ্যে মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় এমপির মেয়ে অনন্যার সঙ্গে ধাক্কা লাগে। এসব নিয়ে দুই পক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ এসে মীমাংসা করে দেয়। এ ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। তিনি বাড়ি এলে গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসাশিক্ষক নাসির উদ্দিন ও কয়েকজন অভিভাবক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের কাছে বিচার চাইতে যান। গোলাম রসুল জানান, যেটা ঘটেছে পুলিশ এসে মীমাংসা করে দিয়েছে। তা ছাড়া তার মেয়ে মানসিকভাবে অসুস্থ, যার আচরণের ওপর পরিবারের সবসময় পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়েছে। সংসদ সদস্যের এ বক্তব্যে উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের একাংশ সন্তুষ্ট হতে না পেরে বাসার সামনে অবস্থান নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে অনন্যা বাসা থেকে বের হয়ে শিক্ষক নাসির উদ্দিনের গালে চড় মারেন। এ সময় উপস্থিত রেক্সনা নামে এক অভিভাবকের মাথায়ও তালা দিয়ে মাথায় আঘাত করেন। সংসদ সদস্য অনন্যাকে সামলে বাড়ির ভেতরে নিয়ে যান। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনা কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন এবং প্রতিবাদ জানাতে থাকেন। এমপির বাড়িতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের শাস্তির দাবিতে নানা সেøাগান দিতে থাকেন। এমপি তার বাড়ির গেট বন্ধ করে ভেতরে অবস্থান করেন।
এমন পরিস্থিতিতে সংসদ সদস্য গোলাম রাসুল ফেসবুক লাইভে এসে কথা বলেন। তিনি জানান, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। রাস্তাটি তাদের টাকা দিয়ে কেনা। সেটি সবসময় সচল রাখতে হবে। এটা নিয়ে তার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের কথাকাটাকাটি হয়। তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।’
এমপি গোলাম রসুল তার মেয়েকে ‘মানসিক রোগী’ দাবি করে জানান, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভীত সন্ত্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি। গানপাউডার এনে রেখেছে। যে কোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।’ এমপি ও তার পরিবারের সদস্যরা সারা দিন বাড়ি থেকে বের হতে পারেননি।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, এমপি মহোদয়ের মেয়ের সঙ্গে পূর্বে ঘটে যাওয়া একটি অনাকাক্সিক্ষত ঘটনার জের ধরে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে।
এদিকে এমপির বাড়িতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামী প্রেস ক্লাব যশোরের সামনে থেকে শুরু করে দড়াটানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে তারা ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে হামলাকারীদের শাস্তির দাবি জানান।
হামলার নিন্দা জামায়াতের : গতকাল মঙ্গলবার যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা, ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
গোলাম পরওয়ার বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এমন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। হামলার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
পরওয়ার আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতিমধ্যে মীমাংসিত ইস্যু) এহেন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ছাড়া নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও ‘মবকে’ উসকে দেওয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ করে জামায়াতকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত।