আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রচারণার শুরুতেই তিনি রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন।
সোমবার (২৭ জুলাই) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের আদলে গড়ে তোলার কথা বলেন। তবে তাঁর মতে, ঢাকা নিজেই বিশ্বের বহু ঐতিহাসিক নগরের চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী।
পোস্টে তিনি দাবি করেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরতে না পারা দেশের নীতিনির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতা। তাঁর ভাষ্য, একসময় ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নগর ছিল।
আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজধানীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বের ঐতিহ্যবাহী নগরগুলোর মধ্যে ঢাকাকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরতে চান তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা নগর ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা ও নাগরিক সেবার পাশাপাশি রাজধানীর পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রচারণার শুরুতেই ঢাকার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়েছেন আসিফ মাহমুদ।