বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে স্থানীয় বিএনপির জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এনসিপির বক্তব্যে ইচ্ছাকৃতভাবে ‘ভিকটিম কার্ড’ খেলার পরিবেশ তৈরির চেষ্টা দেখা যাচ্ছে।
বুধবার (২৯ জুলাই) রাতে ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, এনসিপির নেতারা জুলাই পদযাত্রায় যেসব এলাকায় যাচ্ছেন, সেখানে স্থানীয় বিএনপির সংসদ সদস্য ও নেতাদের নিয়ে কটূক্তি করছেন। তার ভাষ্য, আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি তাদের বক্তব্যে গুরুত্ব পাচ্ছে না। বরং কোথাও কোথাও কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যাচ্ছে।
রাশেদ খান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করার পর ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান বাস্তবসম্মত নয়। এতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও বলেন, অতীতে একটি বক্তব্যের কারণে শেখ হাসিনা জনরোষের মুখে পড়েছিলেন। তাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযম প্রয়োজন। একই সঙ্গে তার দাবি, স্থানীয় মানুষ এখনো ধৈর্য ধরে আছেন, যা এনসিপির জন্য সৌভাগ্যের বিষয়।
