কুমিল্লায় ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তার পাশে খেলার সময় ভিমরুলের কামড়ে মোস্তাকিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

নিহত মোস্তাকিম উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে মোস্তাকিমের দুই চাচাতো-জেঠাতো ভাই আকাশ (১০) ও সাইফ (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে মোস্তাকিম তার ভাইদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে মাঠের পাশের একটি পেয়ারা গাছে থাকা ভিমরুলের দল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুল তাদের কামড় দিলে মোস্তাকিম কিছু দূর দৌড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় বাকি শিশুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে আগুন জ্বালিয়ে ভিমরুল তাড়িয়ে তাদের উদ্ধার করেন। 

আহতদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোস্তাকিমের মৃত্যু হয়। অন্য দুই শিশুর চিকিৎসা চলছে।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা শহীদ জানান, শিশুরা সেখানে খেলার সময় পেয়ারা গাছে যে ভিমরুলের বাসা ছিল, তা টের পায়নি। তিনি আরও জানান, এলাকার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ভিমরুলের বাসা রয়েছে, যা দ্রুত ধ্বংস করা প্রয়োজন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ওই এলাকার ভিমরুলের বাসাগুলো ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে।