পটুয়াখালী শহরে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের লতিফ স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনেয়ারা বেগম পটুয়াখালী শহর এলাকার বাসিন্দা মো. ফারুক শরীফের স্ত্রী ও তিন সন্তানের জননী।
নিহতের স্বামী মো. ফারুক শরীফ বলেন, ভাড়া বাসা দেখার জন্য স্ত্রী হোসনেয়ারা বেগম ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম তাকে ধাক্কা দেয়। এতে টমটমের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা টমটমের চালককে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে টমটমসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।