পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কার্যালয়ে থাকা কিছু প্রয়োজনীয় নথিপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কার্যালয়ে আলোচনা শেষে তারা বাড়িতে চলে যান। পরে রাতে ভারী বৃষ্টির কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশন, ফ্লাস্কসহ বিভিন্ন মালামাল এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
মঙ্গলবার সকালে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে তারা বিষয়টি দশমিনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক হোসেন বলেন, ‘সোমবার রাতে আমরা কার্যালয়ে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। পরে ভারী বৃষ্টির মধ্যে সবাই বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি কার্যালয়ের তালা ভাঙা। চেয়ার, টেবিল, প্রয়োজনীয় নথিপত্রসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার বলেন, ‘মূল সড়কের পাশে থাকা বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে মালামাল ও প্রয়োজনীয় নথিপত্র চুরির ঘটনা দুঃখজনক। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ে ওয়ার্ড পর্যায়ে ওই অস্থায়ী কার্যালয়টি করা হয়েছিল। সেখান থেকে কিছু চেয়ার ও ফ্যান চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজয়নগরে বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 