টাঙ্গাইলের সখীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফেরদৌস নামে এক প্রতিবন্ধী ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস (৩০) শোলাপ্রতিমা এলাকার নজরুল ইসলামের ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, ফেরদৌস অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অটোরিকশা তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরদৌস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাক প্রতিবন্ধী যুবকের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
